আগুনে পুরে ভস্মীভূত প্রায় ৩০ থেকে ৪০টি বাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ইসমাইলচকের পতিতা পল্লী এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন ও ইসলামপুর থানার পুলিশ বাহিনী। ঘটনায় হতাহতের খবর নেই।
স্থানীয় সুত্রে জানা গেছে, মশা তাড়ানোর কয়েল থেকে এই আগুন লাগে। রাত একটা নাগাদ হঠাৎ আগুন লাগলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। ওই এলাকায় কিছু কাঁচা বাড়ি থাকায় আগুন দ্রুত ছড়ায়। পাশাপাশি দুটো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পরে। এলাকাবাসী তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকলের চারটি ইঞ্জিন। দমকলবাহিনী আগুন নেভানোর কাজে নামলে প্রায় ঘন্টা দুয়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে ইসলামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানের স্বামী মহঃ শরিফ জানান, রাত একটা নাগাদ আগুনের খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন। তবে তার ধারনা গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকা। সবকিছুই আগুনে পুরে ছাই হয়ে গেছে।